রাঙ্গামাটির দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৩৮ পিএম
রাঙ্গামাটির দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙ্গামাটির সীমান্তবর্তী হরিণায় বন্যায় ক্ষতিগ্রস্ত জলমগ্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বরকল উপজেলার সীমান্তবর্তী এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে শুকনা খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 

সোমবার সকাল থেকে বিজিবি হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বরকল উপজেলার হরিণার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এর ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নিকটাত্মীয়ের বাড়ি এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়।

জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি মূল দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার জনসাধারণের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময় তৎপর ও সচেষ্ট থাকে। এই অতি বর্ষণে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু বিজিবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও ব্যাটালিয়নের সদস্যগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সাহায্যার্থে কাজ করে যাচ্ছেন।

দুর্গম এই সীমান্ত এলাকায় বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি এবং দিয়াশলাইসহ বিভিন্ন শুকনা খাবার। জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী নিজে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন। তিনি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বলে দুর্গম এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন।

জেএইচআর