রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৪২ এএম
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং পূর্ববর্তী আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশের ডাকা আকস্মিক কর্মবিরতির কারণে এই অচলাবস্থা তৈরি হয়।

এর আগে গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ, শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির প্রতিনিধি রাখার কথা ছিল। তবে মালিক সমিতির প্রতিনিধি রাখার তীব্র বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মাঝে হট্টগোল শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক পণ্ড হয়ে যায়।

বৈঠক শেষে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে হাঙ্গামা শুরু করে। সেখানে নজরুল ইসলাম হেলালের মালিকানাধীন ‘স্বরণী স্পেশাল’ পরিবহনের কাউন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তাঁর একটি বাসেও হামলার চেষ্টা করা হলে অন্য শ্রমিকদের বাধায় তা ভেস্তে যায়। পরবর্তীতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও আজ সকাল থেকে লোকাল বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট ছাড়াই কমিটি বহাল রাখার পক্ষে তৎপরতা চালাচ্ছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘প্রশাসনের উদ্যোগে নির্বাচন কমিটি গঠনের প্রস্তাব করা হলে শ্রমিকদের একটি পক্ষ হামলা ও কাউন্টারে লুটপাট চালায়। তারা মূলত বহিরাগত ও সাবেক ক্ষমতাসীন দলের সমর্থক। আমরা প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই এবং সব হিসাব দিতেও প্রস্তুত আছি।’ বোয়ালিয়া মডেল থানার ওসি মুস্তারি বেগম জানান, সোমবারের অনাকাঙ্ক্ষিত বিষয়টি মীমাংসা করা হলেও মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে আপাতত কোনো মন্তব্য করা যাচ্ছে না।

জেএইচআর