রাজশাহীর তানোর উপজেলার একটি গির্জায় আদিবাসী এক তরুণীকে ধর্ষণের মামলায় ন্যায়বিচার নিশ্চিত এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তানোরের ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরে এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ধর্ষণের মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে হতাশা প্রকাশ করে বক্তারা উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় চারঘাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ধর্ষণসহ সব ধরনের যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন