রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।
বুধবার দুপুরে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের জন্য দ্রুত ও ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। কেউ যেন খাদ্য, চিকিৎসা কিংবা আশ্রয়ের অভাবে কষ্ট না পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও অন্যান্য অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই- সবাই নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন