ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক মসজিদের ইমাম হাফেজ আবদুল কাদের জিলানী সাপের কামড়ে মারা গেছেন।
জানা গেছে, হাফেজ আবদুল কাদের জিলানী নিজ গ্রামের একটি মসজিদে ইমামতি করার পাশাপাশি স্থানীয় মক্তবে শিশুদের কোরআন শিক্ষা দিতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) মাগরিবের নামাজ আদায়ের পর তিনি নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরে এশার আজানের সময় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে একটি গোখরা সাপ তাঁকে কামড় দেয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, তিনি অত্যন্ত ধর্মপ্রাণ, বিনয়ী এবং সবার কাছে শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে ইমামতি ও শিশুদের ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন