বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রেখেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই বিদ্যুতের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পরীক্ষার হলে নকল বা অনিয়ম ঠেকানোর উদ্যোগকে আন্দোলনের কারণ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, সবাই নিয়ম মেনেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির খরচ না থাকায় ভবিষ্যতে জ্বালানি আমদানির ব্যয় কমবে এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন