সাপাহারে সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন অসহায় নারী

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৫:২২ পিএম
সাপাহারে সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন অসহায় নারী

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবির (বেওয়া) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। জমে থাকা পানি মরিয়ম বিবির বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ধসে পড়ে, যার কারণে বসবাসও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বিবিকে দুই বান্ডিল ঢেউটিন এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাৎক্ষণিক সহায়তা অবশ্যই প্রশংসনীয়। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এএন