দিনাজপুর সেক্টর কমান্ডার

কোনোভাবেই পুশইন মেনে নেওয়া হবে না 

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:০৭ পিএম
কোনোভাবেই পুশইন মেনে নেওয়া হবে না 

সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সাথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকার ও বিজিবির বক্তব্য অত্যন্ত পরিষ্কার- কোন অবস্থাতেই বাংলাদেশে অবৈধ পুশইন মেনে নেওয়া হবে না। একই সাথে পার্শ্ববর্তী দেশের পুশইনের এই ধরনের আচরণকে তিনি 'নজিরবিহীন' বলে উল্লেখ করেন।

শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে অবস্থিত বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আরও বলেন, "বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।" একই সাথে বিজিবি সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

সীমান্তে যুবক ও যুবতীদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের মুহূর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালক মহোদয়ের মূলনীতি "বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক" বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। এই কর্মসূচির মাধ্যমে ওই এলাকার সীমান্তবর্তী ও আশপাশের প্রায় ৬০০ জন দুস্থ, হতদরিদ্র, অসহায় ও প্রান্তিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, পিএসসি; দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন এস এম মাহদী জামান, এএমসি; ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস; সহকারী পরিচালক মো. আব্দুল্যা-আল-মামুন; দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও); কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি); স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অন্যান্য সদস্যবৃন্দ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এএন