ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সিনিয়র সদস্য, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ফেনী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইউনিটির মিলনায়তনে সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।
ইউনিটির দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা সভাপতি হীরা লাল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মেজবাহ উদ্দিন মোর্শেদ, ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনী সম্পাদক ও ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক ও ইউনিটির সহ-সভাপতি মাঈন উদ্দিন, আমার দেশ জেলা প্রতিনিধি এসএম ইউসুফ আলী, বণিক বার্তা জেলা প্রতিনিধি ও দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, ইউথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, মরহুমের কন্যা ও সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খলিলুর রহমান ছিলেন একজন বিচক্ষণ, দূরদর্শী ও সমাজসেবামুখী ব্যক্তি। ফেনী জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে ফেনী মহকুমার উন্নয়ন, ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্ম সমাজের জন্য অনুকরণীয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘মরহুম গিয়াস উদ্দিন ফেরদৌস কোরাইশী, মুস্তাফিজুর রহমানসহ অনেক প্রবীণ ব্যক্তিত্বের কাছ থেকে আমরা স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতির শিক্ষা পেয়েছি। শুধু রাজনীতিবিদরাই দেশ গঠনে ভূমিকা রাখেন না, সাংবাদিক ও কলামিস্টরাও রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন যেন ফেনী জেলার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে পারি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে হবে এবং অপসাংবাদিকতা থেকে বিরত থাকতে হবে।’
শেষে মরহুম খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসাইন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন