চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা কেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সালমা ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা।
এছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জনসচেতনতা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে এলাকার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা যায়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন