রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও লোকমুখে এই গুজব ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাত থেকেই নগরীর বিভিন্ন পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। তবে প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভিড় বুধবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চালকেরা বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করেন। অনেককেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে দেখা যায়। কেউ গাড়ির ট্যাংক পূর্ণ করছেন, আবার কেউ অতিরিক্ত জারিকেন ও বোতলে তেল সংগ্রহ করছেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি হয়।
তেল নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই আতঙ্ক থেকেই তাঁরা পাম্পে ছুটে আসেন। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পর তাঁরা বুঝতে পারেন, বাস্তবে কোথাও তেলের সংকট নেই; কেবল গুজবের কারণেই এই অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গুজব প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, গুজবে কান না দিয়ে স্বাভাবিক নিয়মে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু আতঙ্কে অতিরিক্ত তেল মজুতের প্রবণতা দেখা দিলে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে তেল কেনা বা মজুত না করেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও পাম্প মালিকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক নিয়মে জ্বালানি তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন