কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। চকরিয়া গ্রামার স্কুল থেকে কিডস কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, দারুল কুরআন মাদ্রাসা ও চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল হয়ে চকরিয়া থানার মোড় পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দ, ভাঙাচোরা অংশ ও বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে ইট-পাথর বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় গর্তগুলো দেখা যায় না। ফলে প্রায়ই রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীদের অনেকেই হেঁটে কিংবা যানবাহনে চলাচলের সময় চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এটি চকরিয়া পৌরসভার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয় বাসিন্দা রফিক বলেন, “এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
শিক্ষক জুবায়ের বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রতিদিন স্কুল-কলেজে আসা-যাওয়ার সময় তারা ঝুঁকির মধ্যে থাকে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয় সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীন বলেন, “এটি চকরিয়া পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান-সংলগ্ন সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।”
মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান চৌধুরী রনি বলেন, “একটি সভ্য সমাজে শিক্ষার্থীদের এমন ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করা খুবই দুঃখজনক। জনস্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”
এ বিষয়ে চকরিয়া পৌরসভার পৌরকর্তা ডা. লোকমান বলেন, “সড়কটির বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে জনসাধারণ ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তারা দ্রুত টেকসইভাবে সড়কটি সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন, যাতে সামান্য বৃষ্টিতেই আর জলাবদ্ধতা সৃষ্টি না হয়।
সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানঘেরা এই গুরুত্বপূর্ণ সড়কটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়; এটি হাজারো শিক্ষার্থীর প্রতিদিনের নিরাপদ যাতায়াতের পথ। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার এখন সময়ের দাবি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন