ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৩:৫৮ পিএম
ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম শহরের ব্যাপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ দলীয় নেতাকর্মীরা আরাপপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে বিষয়টি ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাসহ আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এম জি