প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৪:৩৯ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ব্লেডটি দেখতে পায়। সৌভাগ্যক্রমে রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

ঘটনার পর শিক্ষার্থী বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহারকে জানায়। পরে তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা সরকারি টিফিনের মান, নিরাপত্তা ও প্রস্তুত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রজেক্ট ডিরেক্টর শাহ আলম খান দাবি করেন, উৎপাদন প্রক্রিয়ায় রুটির মধ্যে ব্লেড চলে যাওয়ার সুযোগ নেই। তাঁর ভাষ্য, প্যাকেটজাত করার আগে প্রতিটি রুটি মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। তাই কীভাবে ব্লেডটি রুটির ভেতরে এলো, তা তাঁর জানা নেই।

এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন