প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভাঙন ঠেকাতে ভূঞাপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধ হবে

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১২:২৪ পিএম
ভাঙন ঠেকাতে ভূঞাপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত বেড়িবাঁধ হবে

ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণ করা হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে। নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং এই এলাকায় বেড়িবাঁধ নির্মাণে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার সন্ধ্যায় ভূঞাপুর-তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রীর বড় ভাই, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিনের আকস্মিক ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা তীরবর্তী ভূঞাপুর-তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে সড়কটির প্রায় ৬০ মিটার অংশ। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙনকবলিত এলাকার আশপাশের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

গুরুত্বপূর্ণ এ সড়কের ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এদিকে, গত চারদিন ধরে ভাঙন প্রতিরোধে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রেখেছে। ফলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ভাঙনকবলিত এলাকা।

গুরুত্বপূর্ণ এ সড়কটি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন।

এএন