দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ‘ফ্রি নিউজ গ্রুপ’ ঝালকাঠির পথচলা শুরু

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:২৫ পিএম
দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ‘ফ্রি নিউজ গ্রুপ’ ঝালকাঠির পথচলা শুরু

ঝালকাঠি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর উদ্যোগে এক চা-আড্ডা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে ফ্রি নিউজ গ্রুপ পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, জেলা তথ্য অফিসার লেলিন বালা এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব জহিরুল ইসলাম জলিলসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, তথ্য আদান-প্রদান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতা এবং জেলার উন্নয়ন সম্ভাবনা, সামাজিক অসংগতি, দুর্নীতি, সমস্যা ও সাফল্যের চিত্র তুলে ধরতে ‘ফ্রি নিউজ গ্রুপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কর্মরত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে।

তারা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঝালকাঠিকে ইতিবাচকভাবে দেশব্যাপী তুলে ধরাই এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

বর্তমানে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এ ঝালকাঠি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪১ জন সাংবাদিক সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

আয়োজকদের মতে, এটি কেবল একটি সংবাদ বিনিময়ের প্ল্যাটফর্ম নয়, বরং সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত সহযোগিতা ও পারস্পরিক আস্থার একটি শক্তিশালী উদ্যোগ।

এএন