শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শনে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৭:১৯ পিএম
শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শনে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে অবস্থিত শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি ম্যানগ্রোভ ফরেস্টের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় পরিবেশের পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং পর্যটকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। পাশাপাশি পার্কটিকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও পরিবারবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়ানগরের শ্যামলী নিসর্গ ম্যানগ্রোভ ফরেস্ট একটি অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এর প্রাকৃতিক সৌন্দর্য ইকো-ট্যুরিজমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এ এলাকা থেকে অবৈধভাবে গাছ কাটা, কাঠ ও অন্যান্য বনজ সম্পদ অপসারণের মতো নানা অনিয়ম হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকাটিকে যথাযথভাবে সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার আওতায় এনে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের উন্নয়ন, আবাসন এবং ম্যানগ্রোভ এলাকার সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের সহযোগিতায় এ ধরনের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এতে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, চণ্ডীপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এম জি