খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে থাকা ৭ হাজার ৫০০টি ভারতীয় আনমোল ব্র্যান্ডের জুস জব্দ করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ট্রাকসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭ হাজার ৫০০টি ভারতীয় জুস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মাটিরাঙ্গা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য ও অন্যান্য চোরাচালান ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন