রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের ভোট ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তিনি বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন, তাদের হয় বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, অথবা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে ধরনের। বিএনপি সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে চলতি বছরের শেষ নাগাদ না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কৃষকদের স্বার্থে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়ের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন