চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার বেকার যুবকদের চোরাচালান, মাদক ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তাদের আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ কেন্দ্রের মাধ্যমে প্রথম পর্যায়ে মোবাইল সার্ভিসিং বিষয়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে এক মাসব্যাপী মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন