তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার ক্ষেত্রে আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা। কিন্তু বর্তমান সময়ে এর চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন)। একই সঙ্গে একজন পেশাদার, মেধাবী ও যোগ্য সাংবাদিক এই পেশায় সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারবেন কি না, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতাকে কাঠামোগতভাবে গড়ে তুলতে না পারার কারণেই নানা ধরনের সংকট তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সাংবাদিকদের জীবনমানের কি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে? পেশাগত নিরাপত্তা কি বেড়েছে? বেতনের নিশ্চয়তা কতটা নিশ্চিত হয়েছে? কর্মপরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে যে সম্মানজনক সম্পর্ক থাকা প্রয়োজন, তা কি প্রতিষ্ঠিত হয়েছে? ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের যে ভূমিকা থাকা দরকার, সেটি কি যথাযথভাবে পালন করা সম্ভব হয়েছে?
তিনি আরও বলেন, এখন আর রাষ্ট্র বা রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে একজন সাহসী সাংবাদিকের বিরোধই মূল বিষয় নয়। বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হলো-একজন দক্ষ ও সৎ সাংবাদিক এই পেশায় সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে টিকে থাকতে পারবেন কি না।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী। এতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এর আগে সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। পরে তিনি বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন