জেলা কারাগার ও ভূমি অফিস পরিদর্শন করলেন মাগুরা জেলা প্রশাসক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:৩৩ পিএম
জেলা কারাগার ও ভূমি অফিস পরিদর্শন করলেন মাগুরা জেলা প্রশাসক

মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি জেলা কারাগার, ইছাখাদা ইউনিয়ন ভূমি অফিস এবং হাজরাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দিনের শুরুতে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি বন্দিদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমও ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বন্দিদের মানবিক ও আইনসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

পরে জেলা প্রশাসক ইছাখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, নথিপত্র সংরক্ষণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পর্যালোচনা করেন। ভূমিসেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল ও আন্তরিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর তিনি হাজরাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের অবকাঠামো, বসবাসরত পরিবারের জীবনযাত্রার মান, সরকারি সুবিধা প্রাপ্তির অবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলো শোনেন।

জেলা প্রশাসকের কার্যালয় জানায়, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন