রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:৪৪ পিএম
রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার বিকেলে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) বন্ধ থাকবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।

উল্লেখ্য, আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ৪ শতাংশ পোষ্য কোটা চালু ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের ২ জানুয়ারি রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এ কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে আন্দোলন চালিয়ে আসছেন।

সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর এক চিঠিতে তারা দাবি আদায়ের আল্টিমেটাম দিয়ে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। এর প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি একাডেমিক কমিটির সভা ডাকে। সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলেও এর বিরোধিতা করে আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

ইএইচ