দুই শিফটে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৩:০০ পিএম
দুই শিফটে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

দুই শিফটে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করে নির্ধারিত ইমেইলে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

সোমবার (৮ জুন) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সব অঞ্চলের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে ২ মে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ে তথ্য সংগ্রহ করে পরবর্তী সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, তথ্যগুলো এক্সেল ফরম্যাটে নিকোশ ফন্টে সফট কপি এবং পিডিএফ কপি আকারে প্রস্তুত করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক পিডিএফ প্রমাণকসহ ই-মেইল ও ডাকযোগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ইমেইল ঠিকানা হলো [email protected]

যেসব তথ্য পাঠাতে হবে তার মধ্যে রয়েছে জেলার নাম, উপজেলার নাম, ডাবল শিফট সংক্রান্ত তথ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, ডাবল শিফট অনুমোদনকারী কর্তৃপক্ষ (মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড), উভয় শিফটের এমপিও কোড (প্রভাতি ও দিবা) এবং মন্তব্য।

এম জি