বাউবি উপাচার্য

দক্ষতা উন্নয়ন ছাড়া কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:১৪ পিএম
দক্ষতা উন্নয়ন ছাড়া কর্মক্ষেত্রে টিকে থাকা কঠিন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Strategic Human Resource Management and Office Administration” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর পরিবর্তনের এই যুগে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে নিয়মিত দক্ষতা উন্নয়ন, আত্মউন্নয়ন এবং নতুন জ্ঞান অর্জন অপরিহার্য।

উপাচার্য বলেন, প্রশিক্ষণ একজন পেশাজীবীর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা, দায়িত্ববোধ এবং পেশাগত প্রতিশ্রুতির ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনায় মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি বাউবির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উৎকর্ষ সাধন এবং সেবার মান বৃদ্ধিতে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা এবং কার্যকর অফিস প্রশাসন একটি প্রতিষ্ঠানের গুণগত উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তব্য রাখেন টি.এম আহমেদ হুসেইন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং মো. সহিদুল ইসলাম ফকির। তাঁরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, শিল্প সম্পর্ক ও কর্মসংস্থান কৌশল, মানবসম্পদ কৌশলের নবায়ন, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আধুনিক অফিস ব্যবস্থাপনা, পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মোহাম্মদ জাকির হোসেন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সায়মা আহমদ।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যুগ্ম-পরিচালক, উপ-পরিচালক ও সমপর্যায়ের মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এএন