জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা অডিও এবং সিনেমার গানের পাশাপাশি নাটকের গানেও নিয়মিত কণ্ঠ দেন। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি নাটকের গান গেয়েছেন তিনি।
নাটকটি পরিচালনা করছেন মহিদুল মহিমর। শুভর কথায় গানটি সুর করেছেন আবরাল সাহিল। নাম চূড়ান্ত না হওয়া এ নাটকটির শুটিং শিগ্গির শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে কণা বলেন, ‘নাটকের গানে আলাদা একটি আবেদন আছে।
তাই প্রস্তাব পেলে এ ধরনের গানে কণ্ঠ দেই মাঝে মধ্যেই। গত ঈদের একটি নাটকে সর্বশেষ কণ্ঠ দিয়েছিলাম। ভবিষ্যতেও নাটকের মানসম্মত গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা আছে।’ এদিকে নতুন একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
সিনেমাটির নাম ‘জ্বলে জ্বলে তারা’। পরিচালনা করছেন অরুন চৌধুরী। কণা জানিয়েছেন, তার কণ্ঠের নতুন একাধিক অডিও গান প্রকাশ হবে শিগ্গির। এসবের পাশাপাশি নিজের একটি ইউটিউব চ্যানেল আছে কণার। সেটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলেও আবারও নতুন কনটেন্ট তৈরি করছেন চ্যানেলটির জন্য। বর্তমানে দুটি গানের ভিডিও তৈরি করেছেন তিনি। আগামী মাসে তার ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন