কাজে ফিরলেন ‘মীরাক্কেল’ রনি

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০১:৩৭ এএম
কাজে ফিরলেন ‘মীরাক্কেল’ রনি

এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি বাসায় ফেরেন ‘মীরাক্কেল’ খ্যাত জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি। এবার ফিরলেন কাজে। দেড় মাস পর আবার শুরু করলেন বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’-এর শুটিং। এ অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করতেন রনি।

তবে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হওয়ার কারণে গত দেড় মাস ছিলেন এই অনুষ্ঠানের বাইরে। সুস্থ হয়ে গত সোমবার করলেন তারই শুটিং। এদিন অনুষ্ঠানে তার অতিথি ছিলেন জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।

কাজে ফিরে রনি বলেন, ‘একজন শিল্পী কাজে ফেরার জন্য সব সময় মুখিয়ে থাকেন। দীর্ঘ দেড় মাস কাজের বাইরে থেকে এখনো প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, আবার কবে কাজে ফিরব। সৃষ্টিকর্তার রহমতে ও সবার দোয়ায় আমি এখন অনেকটা সুস্থ। আজ (মঙ্গলবার) কাজে ফিরলাম। ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য।’

‘টক মিষ্টি ঝাল’ বাংলাভিশনে প্রচারিত হয় গতকাল মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘আবু হেনা রনির দুর্ঘটনার কথা শোনার পর আমরা সবাই মর্মাহত হয়েছিলাম। তাকে শুটিংয়ে ফিরে পেয়ে ভালো লাগছে। শুরু থেকেই ‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানের উপস্থাপনা করে এসেছে সে। অনুষ্ঠানটি সবার মধ্যে বেশ জনপ্রিয়। আশা করছি এখন সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন আবু হেনা রনিসহ পাঁচজন। পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভান এবং দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রনি এবং দুই পুলিশ সদস্য মোশাররফ ও জিল্লুরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এরমধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের ১৯ শতাংশ দগ্ধ হয়। রনির শ্বাসনালি পুড়ে যাওয়াসহ এক কান এবং শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পান রনি। তারও ১৫ দিন পর ফিরলেন কাজে। এ খবরে খুশি রনির অনুরাগী ও সহকর্মীরা।