বিশিষ্ট রূপসজ্জাশিল্পী বঙ্গজীৎ দত্তের ২২তম প্রয়াণ দিবসে গত মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়ে গেলো রূপসজ্জা কর্মশালার সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সাংস্কৃতিকপর্বে নিথর মাহবুবের দল ‘মাইম আর্ট’ অংশগ্রহণ করে।
নিথর মাহবুব বলেন, ‘শ্রদ্ধেয় বঙ্গজীৎ দত্তের সন্তান শুভাশীষ দত্ত তন্ময়ের উদ্যোগেই প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যথারীতি এবারও অনুষ্ঠিত হলো। তাতে আমার দল মাইম আর্ট একটি পারফরম্যান্সে অংশগ্রহণ করে। গত বছর এই অনুষ্ঠানে সম্মাননা জানানোর কথা ছিল শ্রদ্ধেয় নাট্যব্যক্তিত্ব ইনামুল হক স্যারকে। কিন্তু তিনি বলেছিলেন অন্য কাউকে আপাতত সম্মাননা জানাতে।
আগামী বছর অর্থাৎ ২০২২ সালে তিনি সম্মাননা গ্রহণ করবেন। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। তারই সম্মাননা গ্রহণ করতে এসেছিলেন শ্রদ্ধেয় লাকী ইনাম। চমৎকার একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তন্ময়ের প্রতি আন্তরিক ভালোবাসা প্রতি বছর এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে করার জন্য। বাবার প্রতি সন্তানের অপরিসীম শ্রদ্ধা প্রদর্শনের এই উদ্যোগকে আমি সত্যিই মন থেকে সাধুবাদ জানাই।’ উল্লেখ্য, বঙ্গজীৎ দত্তের জন্ম ৪ সেপ্টেম্বর ১৯৩৪ ঢাকার ঠাটারীবাজার এলাকায়।
বঙ্গজীৎ দত্তের বাবা সুরেশ দত্ত ছিলেন একসময়কার জাঁদরেল অভিনেতা, নিদের্শক, সংগঠক এবং একজন রূপসজ্জাশিল্পী। তার সুযোগ্য পুত্র শুভাশীষ দত্ত তন্ময় বাবার আদর্শকে মাথায় নিযয়ে একই পেশায় নিজেকে নিযুক্ত রেখেছেন ।
২০০০ সালের ১ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে তার জীবন নাটকের যবনিকাপাত ঘটে। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রূপসজ্জাশিল্পী মোহাম্মদ আলী বাবুলকেও বঙ্গজীৎ দত্ত সম্মাননায় ভূষিত করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন