দেশের বিশিষ্ট সংগীতাচার্য শৈলেশ সান্যাল স্মরণে গত শুক্রবার আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভা ও ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
আয়োজন করে সুর তাল ফাউন্ডেশন। শৈলেশ সান্যালের ছেলে বাংলাদেশের মেধাবী নন্দিত তবলাবাদক পল্লব সান্যাল। মূলত তিনিই ‘সুর তাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা।
এর আগে বিগত চার-পাঁচ বছর যাবৎ এই ফাউন্ডেশনের আওতাধীন পাবনায় শৈলেশ সান্যাল স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পল্লব সান্যাল জানান, ঢাকাতেই এবার প্রথম তার বাবা স্মরণে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘এর আগে আমাদের গ্রামের বাড়িতে পাবনায় আমার ভাইদের উদ্যোগে বাবাকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম ঢাকায় আমি এ অনুষ্ঠানের আয়োজন করেছি।’
মূলত বাবার কর্মকে প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে, তার সম্পর্কে জানান দিতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ অনুষ্ঠানে আয়োজন করা। আমার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর আগামীতেও বাবার প্রতি এভাবে শ্রদ্ধা জানানোর ধারা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ওস্তাদ ইয়াকুব আলী খান।
তিনি বলেন, ‘বাবার প্রতি সন্তানের এই যে শ্রদ্ধা, এই যে পরম ভালোবাসা— তা আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। পল্লব আমাদের ভীষণ স্নেহের একজন তবলা বাদক। অনেকেই তার প্রতি ভীষণ নির্ভরশীল। পল্লব নিজে তার মেধা দিয়ে এই নির্ভরতা অর্জন করেছে। অবশ্যই তার আজকের এ অবস্থানে আসার পেছনের তার বাবার ভূমিকা রয়েছে। বাবার জন্য তার এই উদ্যোগকে স্বাগত জানাই। তার বাবার আত্মার শান্তি কামনা করছি।’
পল্লব সান্যাল জানান, সংগীতানুষ্ঠানপর্বে একদল তবলা বাদকও তবলা বাজিয়ে আগত অতিথিদের মুগ্ধ করেন। এর পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউসুফ আহমেদ খান, শোভন মজমুদার, সোহিনী রায় চৌধুরী ও সান্ত্বনু।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন