দেবের নতুন চমক

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৭:১৮ পিএম
দেবের নতুন চমক

ছবি দেখে চমকে যাচ্ছেন? হ্যা, চমকে যাবারই কথা। সরস্বতী পুজার দিনই সকলকে চমক দিলেন কলকাতার সুপারস্টার দেব। আর এমন এক চমক দিলেন, যা দেখে হতবাক তাঁর অনুরাগীরা। দেব তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আনলেন ‘বাঘাযতীন’ ছবির নতুন লুক। যেখানে একেবারে চেনা দায় দেবকে! কপালে ভস্ম মাখা, সিঁদুর। লম্বা চুল। প্রথমে তো মনে হয়েছিল নিশ্চয়ই অন্য কেউ। তবে ছবি ফাঁস করলেন দেব নিজেই। দেব জানিয়েছেন, ‘এই চরিত্রটা সত্যয়িই অন্যরকম। আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ। বিশেষ করে এই লুকটা।’

দেবের এই লুক করেছেন রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। এই লুকের ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’-এর গল্প নিয়ে আমরা আসছি এই পূজাতে।’

অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।

এবার দেব নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।