এসআরকে ইউনিভার্স: শাহরুখ খানের জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৪ পিএম
এসআরকে ইউনিভার্স: শাহরুখ খানের জন্মদিন ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

বলিউডের কিং খান শাহরুখ খানের জনপ্রিয়তা কেবল ভারতের সীমায় আবদ্ধ নয় এটি এখন এক বৈশ্বিক সংস্কৃতি। তার প্রতি এই সীমাহীন ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’, যা বিশ্বের অন্যতম বৃহৎ ভক্ত সংগঠন হিসেবে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

এই ফ্যান ক্লাবের মূল প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার), যেখানে ৬ লক্ষাধিক অনুসারী নিয়মিত শাহরুখ সম্পর্কিত খবর, ছবি, ভিডিও ও প্রচারণা পোস্টের মাধ্যমে যুক্ত থাকেন।

ক্লাবটির সর্বশেষ পিন করা পোস্টে ঘোষণা দেওয়া হয়েছে—মাত্র ২৫ দিন বাকি #SRKDay! প্রতি বছর ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদ্‌যাপন করে ক্লাবটি। এবারও তাদের উদ্যোগে প্রকাশিত হয়েছে বিশেষ 'HappyBirthdayKing টি-শার্ট, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টটিতে লেখা ছিল, আমরা উদ্‌যাপন করছি একমাত্র বলিউড বাদশাহকে শুভ জন্মদিন কিং খান! এই পোস্টের নিচে হাজারো শুভেচ্ছা বার্তা জমেছে ভারত, বাংলাদেশ, ব্রাজিল থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত।

২০২৪ সালে শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর ক্লাবটি পোস্ট করে কিং খানের একটি ভিডিও ক্লিপ, যেখানে তিনি বলেন, 'Love you BTS ।

এই সংক্ষিপ্ত মন্তব্যেই যেমন প্রকাশ পেয়েছে বিশ্বব্যাপী ফ্যান সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধা, তেমনি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাসের ঢেউ।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ‘জওয়ান’ মুক্তির দিন ভোর ৫টা ৩৫ মিনিটেই ক্লাবের সদস্যরা সারা ভারতে আয়োজন করেন 'JawanFDFS (First Day First Show)' উদ্‌যাপন।

তাদের ভাষায়, 'ভোর হতেই শুরু হয়েছে উন্মাদনা! কিং-এর বড় পর্দায় প্রত্যাবর্তন মানেই উৎসব!'

ক্লাবের পুরোনো পোস্টগুলোতেও দেখা যায় শাহরুখ খানের মানবিক দিকের ঝলক। 

২০২২ সালে কিং খানের লতা মঙ্গেশকর–এর শেষকৃত্যে উপস্থিতির ছবি পোস্ট করে ক্লাবটি লিখেছিল, 'ভারতের সুরসম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা নিবেদন মানুষ শাহরুখের পরিচয়।'

আর ২০২২ সালের শেষদিকে সালমান খানের জন্মদিনে শাহরুখ ও সালমানের একসঙ্গে থাকা ছবি দিয়ে তারা লিখেছিল, 'দুই কিংবদন্তি এক ফ্রেমে—'পাঠান এবং 'টাইগারের বন্ধুত্বের মুহূর্ত।'

২০১১ সালে প্রতিষ্ঠিত এই ফ্যান ক্লাব এখন ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তাদের মূল উদ্দেশ্য শুধু তারকার প্রচারণা নয়, বরং শাহরুখের মানবিক বার্তা—ভালোবাসা, সহনশীলতা ও ইতিবাচকতার চেতনা—বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া।

ক্লাবের এক প্রশাসক এক পোস্টে লিখেছেন, 'আমরা শুধু শাহরুখের ভক্ত নই, আমরা তাঁর চিন্তার ধারার অংশ। তাঁর ভালোবাসার ভাষা, হাসি, মানবতা ও আশা—আমরাও সেটাই বহন করি।'

প্রতিবছর জন্মদিন উপলক্ষে ক্লাবের সদস্যরা সারা ভারতে ও বিদেশে নানা সামাজিক উদ্যোগ নেন রক্তদান, গরিবদের খাবার বিতরণ, শিশুদের জন্য শিক্ষা সহায়তা প্রভৃতি।

বিনোদন বিশ্লেষকরা বলছেন, শাহরুখ খানের এই বৈশ্বিক ফ্যান নেটওয়ার্ক এখন আর শুধুই ‘সেলিব্রিটি ফলোয়িং’ নয়; এটি একটি সাংস্কৃতিক আন্দোলন, যা বলিউডকে আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে উপস্থাপন করছে।

ক্লাবের নামের সঙ্গে যুক্ত শব্দ ‘ইউনিভার্স’ যেন সত্যিই যথার্থ—কারণ শাহরুখের এই ভালোবাসার মহাবিশ্বে সীমা বলে কিছু নেই।

ইএইচ