‘একটা চাদর হবে’ খ্যাত গুণী সঙ্গীতশিল্পী জেসন সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার প্রয়াণের খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পী শাহাদাত হোসেন নাদিম নিশ্চিত করেছেন, জেসন সুমন পুরোপুরি সুস্থ ছিলেন। শুক্রবার সকালেই তিনি বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দাফন আগামীতে উত্তরা এলাকায় সম্পন্ন হবে।
জেসন সুমন ১৯৯৭ সালে প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। এরপর তিনি একের পর এক হিট অ্যালবাম উপহার দেন, যার মধ্যে রয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।
তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। কিছুটা অনিয়মিত হলেও তার সুরেলা কণ্ঠ এখনো শ্রোতাদের মনে অটুট জায়গা ধরে রেখেছে।
জেসন সুমনের মৃত্যু বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এক শোকের দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন