শীতের রাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে চিত্রনায়িকা রাজ রিপা

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:১৭ পিএম
শীতের রাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের পাশে চিত্রনায়িকা রাজ রিপা

দেশজুড়ে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে রাজধানীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা রাজ রিপা। বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়া ইট-পাথরের নগরী ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিচ্ছেন।

জানা গেছে, গত বুধবার গভীর রাতে রাজধানীর গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন এই অভিনেত্রী। রাতের নিস্তব্ধতায় রাস্তার ধারে ঘুমিয়ে থাকা শীতার্ত মানুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। হঠাৎ এমন উপহার পেয়ে অনেক ছিন্নমূল মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

তীব্র শীতের মধ্যে গভীর রাতে কখনো পায়ে হেঁটে, আবার কখনো গাড়িতে করে বন্ধুদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন রাজ রিপা। এ সময় তিনি ফুটপাতে থাকা অসহায় মানুষদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

কম্বল পেয়ে এক বৃদ্ধা বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজেরা এসে এই রাতে কম্বল দিয়ে গেলেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।

নিজের এই মানবিক উদ্যোগ সম্পর্কে রাজ রিপা বলেন, শৈত্যপ্রবাহের কারণে আমরা ঘরে গরম কাপড়ে থেকেও শীত অনুভব করছি। তখন মনে হলো রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলো এই শীত কীভাবে সহ্য করছে? সেই চিন্তা থেকেই রাতে তাদের কাছে ছুটে আসা।

তিনি আরও বলেন, অসহায় মানুষের কষ্ট অনুভব করেই আমার বন্ধুদের নিয়ে এই ক্ষুদ্র চেষ্টা। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যায়ক্রমে এভাবেই অসহায়দের পাশে থাকার চেষ্টা করব।

জেএইচআর