সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই দিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্যমতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় অভিনেত্রীর গৃহকর্মীকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। নিরাপত্তা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ঘাতককে ধরতে অভিযান শুরু করেছে।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করা হুদা শারাউই মাত্র ৯ বছর বয়স থেকেই শোবিজে পদার্পণ করেন। সিরিয়ার জনপ্রিয় রেডিও প্রোগ্রাম ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ষাটের দশকে চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে তিনি আকাশচুম্বী তারকা খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’ এবং ‘আইলাত সাবাত নুজুম’। দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনে তিনি দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সিরিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন