নিজের চিরচেনা রসিকতায় এবারও ভক্তদের হাসালেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পোস্ট নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে।
গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক পেজে কুদ্দুস বয়াতি একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি ফুটপাতে বসে থরে থরে সাজানো নতুন টাকার বান্ডিল নিয়ে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন।
ছবির ক্যাপশনে মজার ছলে তিনি লিখেছেন, ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম। কুদ্দুস ভাইয়ের কচকচা টাকার ব্যাংক। হেড অফিস-গুলিস্তান ফুটপাত। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।
বয়াতির এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজার মজার মন্তব্যে তাঁর টাইমলাইন ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ব্যবসায় তো দারুণ হবে কাকু!’ আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো ছবি দেখে লিখেছেন, ‘আইডিয়াটা মন্দ না।’ তবে সবাই তাঁর এমন সরল ও রসাত্মক ভঙ্গির প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ১৯৯২ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানের মাধ্যমে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান কুদ্দুস বয়াতি। এরপর থেকে দীর্ঘকাল ধরে তিনি তাঁর গানের জাদু আর সহজ-সরল ব্যক্তিত্ব দিয়ে দেশের মানুষের মন জয় করে আসছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন