পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:২৯ পিএম
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, একটি নতুন ধারাবাহিকের শুটিংয়ের কাজে পুরো ইউনিটের সঙ্গে তালসারিতে অবস্থান করছিলেন রাহুল। শুটিং চলাকালে আকস্মিক তিনি সমুদ্রের পানিতে তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

ধারাবাহিকের সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে কাজ করেছিলেন। আজই তাদের কলকাতায় ফেরার কথা ছিল।

থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করা রাহুলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও তিনি ছিলেন সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠান পরিচালনা করতেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি আবারও দর্শকদের নজর কেড়েছিলেন।

ব্যক্তিগত জীবনে রাহুল তার প্রথম সিনেমার সহ-শিল্পী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন। মাঝে বিচ্ছেদের গুঞ্জন ও দূরত্ব তৈরি হলেও একমাত্র সন্তান সহজের ভবিষ্যতের কথা ভেবে তারা পুনরায় একসঙ্গে থাকতে শুরু করেন। জনপ্রিয় এই অভিনেতার অকাল মৃত্যুতে টালিউড ইন্ডাস্ট্রি এবং দুই বাংলার ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর