টালিউড ও বলিউডের পরিচিত মুখ পূজা ব্যানার্জি আবারও মা হতে চলেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের এই খুশির খবর জানান অভিনেত্রী নিজেই।
শেয়ার করা ভিডিওর শুরুতে পূজা একটি পজিটিভ প্রেগন্যান্সি কিটের ছবি দেখান, যা তাঁর দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ভিডিওতে তিনি গর্ভাবস্থার প্রাথমিক চ্যালেঞ্জগুলোও তুলে ধরেছেন।
শারীরিক ক্লান্তি আর অসুস্থতায় যখন তিনি নুয়ে পড়ছিলেন, ঠিক তখনই তাঁর প্রথম সন্তান কৃষিভকে দেখা যায় মায়ের মন ভালো করার চেষ্টায়। বড় ছেলের আদুরে মুহূর্তগুলো নেটিজেনদের বেশ প্রশংসা কুড়াচ্ছে। ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’
২০১৭ সালে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে বাগদান সারলেও ২০২০ সালে লকডাউনের সময় ঘরোয়াভাবে আইনি বিয়ে সম্পন্ন করেন এই তারকা দম্পতি। বিয়ের কয়েক মাস পরেই তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।
পূজা ব্যানার্জি দুই মাধ্যমেই বেশ সফল। টালিউডে ‘মাচো মস্তানা’ দিয়ে ক্যারিয়ার শুরু করে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি নজরকাড়া। হিন্দি ছোটপর্দায় ‘দেভোঁ কে দেব... মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পান।
বর্তমানে এই আনন্দ সংবাদে সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন পূজা ও কুণাল দম্পতি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা পরিবার।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন