সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা বনলতা এক্সপ্রেসের শিল্পী তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত কাজটি করা হয়নি অভিনেত্রী তানজিকা আমিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই স্বীকার করেছেন তিনি।
তানজিকা আমিন জানান, সিনেমাটির জন্য যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তার চরিত্রটি তেমন বিস্তৃত ছিল না। তাই তিনি মনে করেছিলেন, এতে যুক্ত না হলেও বিশেষ কোনো ক্ষতি হবে না। তবে সিনেমাটি মুক্তির পর একাধিকবার দেখার পর তার উপলব্ধি বদলে যায়। এখন তিনি মনে করেন, এটি তার ক্যারিয়ারের একটি বড় মিস। নিজের সিদ্ধান্তের জন্য তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কেন তখন কাজটি করলেন না, এ নিয়ে তার নিজের কাছেই লজ্জা লাগে।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেতে নিজের জীবনের নানা অজানা গল্প ও অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। এটি আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম এ একযোগে প্রচারিত হবে।
পডকাস্টে তানজিকা আরও জানান, ২০১৩ সালে ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে একটি বড় সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিতে বাধ্য হন। সেই সিদ্ধান্তের পেছনের কারণও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন তিনি।
নিজের আত্মবিশ্বাস প্রসঙ্গে তানজিকা বলেন, তার আত্মবিশ্বাস এতটাই প্রবল যে মাঝে মাঝে নিজেকে রানী ভিক্টোরিয়ার মতো মনে হয়। তিনি বলেন, হাজার মানুষের মাঝেও থাকলে নিজের ওপর তার বিশ্বাস অটুট থাকে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে, এই আত্মবিশ্বাস তিনি পরিমিত মাত্রায় ধারণ করেন। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় অহংকার হিসেবে বিবেচিত হলেও, তাকে এখন পর্যন্ত কেউ এমনভাবে দেখেনি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন