নুসরাত জাহান

এসো, যা বলার বলে ফেলো

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩০ পিএম
এসো, যা বলার বলে ফেলো

টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান আবারও আলোচনার কেন্দ্রে। ফ্ল্যাট কেলেঙ্কারি মামলায় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের পর টানা জিজ্ঞাসাবাদ এবং সেই সূত্রে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন নুসরাত। প্রায় আট ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দফতর থেকে বেরিয়ে এলেও সামাজিক মাধ্যমে কটাক্ষ থেকে মুক্তি পাননি অভিনেত্রী। তবে এসব সমালোচনায় বরাবরের মতোই নির্লিপ্ত থাকেন তিনি।

জিজ্ঞাসাবাদের পর নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেন নুসরাত। সেখানে তাকে ট্যাঙ্ক টপ ও শর্টস পরিহিত অবস্থায় দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না আমরা সত্য খুঁজে পাই।

পাশাপাশি নিন্দুকদের উদ্দেশে কটাক্ষ করে লেখেন, এসো, যা বলার বলে ফেলো।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিজিও কমপ্লেক্সে পৌঁছান নুসরাত। তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও শুরুতে গম পাচারের অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে শোনা গিয়েছিল, পরে জানা যায় ফ্ল্যাট দুর্নীতি মামলাতেই তাকে ডাকা হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ ওঠে, যা ঘিরে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি।

এম জি