মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার মুম্বাইয়ের সায়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি ভরত কাপুরের সঙ্গে কাজের স্মৃতি স্মরণ করে শোকাতুর চিত্তে তাঁকে একজন 'অসাধারণ মানুষ' হিসেবে অভিহিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয় এবং সন্ধ্যায় নিকটাত্মীয়দের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অবতার গিল জানান, গত কয়েকদিন ধরেই ভরত কাপুরের শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়েছিল।
১৯৭২ সালে অভিনয় জগতে পা রাখা ভরত কাপুর মূলত পার্শ্বচরিত্র এবং নেতিবাচক (খলনায়ক) ভূমিকায় সত্তর ও আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শকদের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’ ও ‘খুদা গাওয়া’। ২০০৪ সালে ‘মীনাক্ষী: এ টেল অফ থ্রি সিটিজ’ সিনেমায় তাঁকে শেষবার বড় পর্দায় দেখা যায়।
চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় টেলিভিশন নাটকের স্বর্ণযুগেও তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ‘ক্যাম্পাস’, ‘পরম্পরা’, ‘সাংস’, ‘আমানত’ এবং ‘তারা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। পর্দায় কখনো পুলিশ কর্মকর্তা, কখনো আইনজীবী কিংবা কখনো প্রভাবশালী ব্যক্তিত্বের চরিত্রে তিনি নিখুঁত অভিনয় করতেন। তাঁর প্রয়াণে বলিউড ও থিয়েটার জগতে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন