বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান আবারও আলোচনায় এসেছেন তার মানবিক ও উদার আচরণের এক পুরোনো ঘটনার কারণে। একটি ব্যর্থ সিনেমার বকেয়া পারিশ্রমিক তিনি নিজে থেকেই ফিরিয়ে দিয়েছিলেন, এমনই দাবি করেছেন সংশ্লিষ্ট প্রযোজক।
প্রযোজক কেসি বোকাডিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাম তুমহারে হ্যায় সানাম’-এর শুটিং দীর্ঘ সময় ধরে চললেও এটি বক্স অফিসে সফল হয়নি। ফলে প্রযোজনা সংস্থার আর্থিক সংকট তৈরি হয়।
সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি ছিলেন সালমান খান এবং মাধুরী দীক্ষিত। প্রাথমিক চুক্তি অনুযায়ী তার পারিশ্রমিকের একটি অংশ তখনও বকেয়া ছিল বলে জানান প্রযোজক।
কিন্তু সেই বকেয়া টাকা চাইতে গেলে শাহরুখ খান নাকি তা নিতে অস্বীকৃতি জানান। বরং তিনি বলেন, স্বল্প সময়ের পারফরম্যান্স কিংবা অন্য কাজ থেকে তিনি সহজেই সেই অর্থ আয় করতে পারেন, কিন্তু প্রযোজকের জন্য তা বড় চাপ হয়ে যাবে।
প্রযোজকের ভাষ্য অনুযায়ী, শাহরুখের এই সিদ্ধান্ত তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, এমন সময়েও একজন তারকার এমন মানবিক সিদ্ধান্ত বিরল।
উল্লেখ্য, সিনেমাটি বানিয়েছিলেন কে এস আধিয়ামান। তামিল সিনেমার রিমেক এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণ করতে না পারলেও তিন জনপ্রিয় তারকাকে একসঙ্গে পর্দায় দেখার কারণে এটি এখনো আলোচিত।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন