ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানির জন্মদিনে ব্যতিক্রমীভাবে ভালোবাসা জানালেন তার স্ত্রী অভিনেত্রী মৌসুমী। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও ভিডিওবার্তার মাধ্যমে স্বামীকে শুভেচ্ছা জানান তিনি এবং কেক কেটে উদযাপন করেন বিশেষ দিনটি।
সেই ভিডিওতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে ওমর সানি মন্তব্য করেন, “অনেক ধন্যবাদ তোমাকে, তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।” তাদের এই আন্তরিক মুহূর্ত দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়।
১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্ম নেওয়া ওমর সানি ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তীতে একাধিক সফল ছবিতে অভিনয় করে তিনি রোমান্টিক ও অ্যাকশন নায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৩ সালে ‘ওর দালাল’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে ভিন্নধর্মী দক্ষতারও পরিচয় দেন।
ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা। বর্তমানে মৌসুমী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকলেও ওমর সানি বাংলাদেশেই অবস্থান করছেন।
জন্মদিন নিয়ে বড় কোনো আয়োজন করেন না এই অভিনেতা। মে মাসেই তার মায়ের মৃত্যুবার্ষিকী (২৩ মে) হওয়ায় এ সময়টা তার কাছে শোকের। তাই ব্যক্তিগতভাবে দিনটি উদযাপনে অনীহা থাকলেও, দূরদেশ থেকে স্ত্রীর এমন ভালোবাসার প্রকাশ তাকে স্পর্শ করেছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন