শিল্পী সমিতির নির্বাচন

সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদকে মুক্তি

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:০০ পিএম
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদকে মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে জানা গেছে। চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এক প্যানেলে থাকতে পারেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রার্থী হিসেবে লড়তে পারেন।

তবে এখনো বাপ্পারাজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। অন্যদিকে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে আছেন মিশা সওদাগর ও ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম জি