ঢালিউডে নতুন এক জুটির আগমন ঘটতে যাচ্ছে। জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নতুন সিনেমা ‘দুজনে’-তে দেখা যাবে এই জুটিকে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে সিনেমাটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সজল ও মিষ্টি জান্নাত। আগামী ১২ মে থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, ‘দুজনে’ মূলত একটি রোমান্টিক ঘরানার সিনেমা। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা দুই মানুষের পরিচয় এবং তাদের ভালোবাসার এক দীর্ঘ যাত্রাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে এর কাহিনী।
নির্মাতার ভাষায়, এটি কেবল প্রেম নয়, বরং দুজনের একে অপরকে বোঝা এবং সম্পর্কের পূর্ণতা পাওয়ার একটি গল্প।
নতুন এই কাজ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, দেবাশীষ দাদা অত্যন্ত গুণী একজন নির্মাতা। তার দিকনির্দেশনা অনুযায়ী আমি নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, কাজটি দ্রুত শেষ করে দর্শকদের সামনে চমৎকার কিছু নিয়ে আসতে পারব।
‘দুজনে’ সিনেমার কাহিনী ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য করেছেন খোদ দেবাশীষ বিশ্বাস। হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন