কন্নড় অভিনেতা দিলীপ রাজের মৃত্যু

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:৪৫ পিএম
কন্নড় অভিনেতা দিলীপ রাজের মৃত্যু

কন্নড় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ (৪৭) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

তার আকস্মিক মৃত্যুর খবরে কন্নড় বিনোদন দুনিয়ায় শোকের আবহ তৈরি হয়েছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

অভিনেতা চেতন কুমার স্মৃতিচারণ করে জানান, দিলীপ রাজ শুধু দক্ষ অভিনেতাই ছিলেন না, বরং একজন আন্তরিক মানুষ হিসেবেও তিনি আলাদা ছিলেন। ২০০৯ সালে একটি গানের শুটিং চলাকালীন তাদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দিলীপের সৃজনশীলতা ও শান্ত স্বভাব সবাইকে মুগ্ধ করত। ডাবিং শিল্পী হিসেবেও তিনি চরিত্রকে জীবন্ত করে তুলতে পারতেন।

ভক্তদের মধ্যেও শোক নেমে এসেছে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না এত অল্প বয়সে তিনি চলে গেছেন। একজন অনুরাগী মন্তব্য করেন, কন্নড় সিনেমা আজ এক উজ্জ্বল তারকাকে হারাল, যার অভিনয় ও পর্দার উপস্থিতি দীর্ঘদিন মনে থাকবে।

১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দিলীপ রাজ। তিনি থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এবং পরে ছোটপর্দা ও বড়পর্দা-উভয় ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। কন্নড় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’ ও ‘কাম্বাডা মানে’ এ তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায়।

সম্প্রতি ‘মকটেল ৩’ চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। অভিনয়, প্রযোজনা এবং থিয়েটার-সব ক্ষেত্রেই তার অবদান কন্নড় বিনোদন জগতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এম জি