বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এলাকায় চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের দামি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি নিজেকে অভিনেতা জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে কৌশলে ফোনটি নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তানহা তাসনিয়া। তিনি জানান, সন্ধ্যার দিকে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে একটি প্রামাণ্যচিত্রের ডাবিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অপরিচিত এক ব্যক্তি সেখানে এসে নিজেকে জয় চৌধুরীর ড্রাইভার হিসেবে পরিচয় দেন।
অভিনেত্রীর দাবি, সুযোগ বুঝে ওই ব্যক্তি ডাবিং কক্ষে ঢুকে টেবিলে রাখা তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে দ্রুত সটকে পড়েন। কিছুক্ষণ পর ফোনটি খুঁজতে গিয়ে সেটি আর না পেয়ে বিষয়টি বুঝতে পারেন তিনি।
ঘটনার পর এফডিসির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও অভিযুক্ত ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান অভিনেত্রী।
তবে পুরো ঘটনায় এফডিসির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তানহা তাসনিয়া। তার অভিযোগ, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সিসিটিভি ক্যামেরা কার্যকর ছিল না। এমনকি প্রবেশপথের ফুটেজও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছেন তিনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এফডিসির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজরদারি ব্যবস্থার এমন অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন