‘রাগ করলা’ ট্রেন্ডে মজেছেন শাকিব খানও!

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৪৯ পিএম
‘রাগ করলা’ ট্রেন্ডে মজেছেন শাকিব খানও!

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে এখন ব্যাপক ভাইরাল ‘রাগ করলা’ সংলাপ। ফেসবুকের ক্যাপশন, কমেন্ট থেকে শুরু করে মিম- সবখানেই ঘুরেফিরে আসছে এই ডায়ালগ। সাধারণ নেটিজেনদের পাশাপাশি এবার সেই ট্রেন্ডে যোগ দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর অফিশিয়াল ফেসবুক পেজে এই ভাইরাল সংলাপ ব্যবহার করে একটি মজার পোস্ট শেয়ার করা হয়। সেখানে অভিনেতার একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথা ঠিক না বেঠিক?’ আর সেই ছবিটির ভেতরে জুড়ে দেওয়া হয়েছে, ‘কী রাগ করলা!’

পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, শাকিবের আসন্ন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই জনপ্রিয় এই ট্রেন্ডকে কাজে লাগানো হয়েছে।

মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকেই ‘রাগ করলা’ সংলাপটির উৎপত্তি ও জনপ্রিয়তার শুরু। ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা নিয়ে এক কনটেন্ট ক্রিয়েটর রাস্তার এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথা বলার সময় প্রতিটি বাক্যের শেষে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করছেন, ‘রাগ করলা?’

ভিডিওটির অদ্ভুত উপস্থাপনা ও কথার ধরন নেটিজেনদের কাছে দ্রুতই হাস্যরসের খোরাক হয়ে ওঠে। এর পর থেকেই শুরু হয় মিম বানানোর প্রতিযোগিতা। কেউ অফিসের বসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আচরণের সঙ্গে তুলনা করছেন সেই কনটেন্ট ক্রিয়েটরের। এবার সেই ভাইরাল ট্রেন্ডে শাকিব খানের নাম যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পারদ যেন আরও বেড়ে গেছে।

জেএইচআর