টালিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী এক প্রযোজকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। পুরোনো একটি সিনেমার সাইনিং মানি ফেরত চাওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
অভিনেতার দাবি, মঙ্গলবার রাতে প্রযোজক তরুণ দাস ফোন করে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
সোহম জানান, ২০১৮ সালে পরিচালক মহুয়া চক্রবর্তী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। সেই সময় তাকে ১৫ লাখ রুপি অগ্রিম পারিশ্রমিক বা সাইনিং মানি দেওয়া হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, সিনেমার কাজ শুরুর কিছুদিন পর পরিচালক প্রযোজকের আচরণে অসন্তুষ্ট হয়ে প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর প্রায় আট বছর কেটে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি।
সম্প্রতি প্রযোজক তরুণ দাস সোহমের কাছে অগ্রিম দেওয়া অর্থ ফেরত চান। তবে অভিনেতার দাবি, চলচ্চিত্র অঙ্গনের প্রচলিত নিয়ম অনুযায়ী কোনও শিল্পী নিজে থেকে প্রকল্প না ছাড়লে তাকে সাইনিং মানি ফেরত দিতে হয় না।
সোহম আরও বলেন, পরিচালক সরে যাওয়ার পর সিনেমাটির কাজ কার্যত বন্ধ হয়ে যায়। তাই তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
অভিনেতার অভিযোগ, টাকা ফেরত না পাওয়ার পর প্রযোজক তার অফিসে গিয়ে চাপ সৃষ্টি করেন এবং পরে ফোনে হুমকি দেন।
অন্যদিকে প্রযোজক তরুণ দাসের দাবি, সোহমকে একাধিকবার শুটিংয়ের সময় দেওয়ার অনুরোধ করা হলেও তিনি সময় দিতে পারেননি। ফলে সিনেমার কাজ আটকে যায়।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সোহম। তার বক্তব্য, শুটিংয়ের জন্য সময় দিতে তার কোনও অসুবিধা ছিল না এবং প্রযোজকের অভিযোগ ভিত্তিহীন।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকির বিচার চেয়ে প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেতা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন