ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:০০ পিএম
ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন তীব্র ক্ষোভ আর শোকের আবহ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ‘ধর্ষকদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার চিন্তাও করতে না পারে।’ তাঁর মতে, ধর্ষণের পর হত্যার শিকার ব্যক্তির জানাজার আগেই অপরাধীর বিচার সম্পন্ন হওয়া উচিত।

শুধু তাই নয়, ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে তমা লেখেন, ‘কীসের তদন্ত, কীসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কীসের উকিল? কীসের সময়ক্ষেপণ?’

নিহত শিশু রামিসাকে নিজের বোন উল্লেখ করে এই অভিনেত্রী সবার উদ্দেশ্যে বলেন, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের হত্যাকারীর বিচার চাই।’

উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি সোহেল রানা ইতিমধ্যেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানায়, ঘটনার আগে সে মাদক (ইয়াবা) সেবন করেছিল।

জেএইচআর