ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান। গত ১৩ মে গভীর রাতে টাঙ্গাইলের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে এই আতঙ্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে অভিনেত্রী ফারিন খান তাঁর ফেসবুক পোস্টে ঘটনাটি বিস্তারিত শেয়ার করে লেখেন, “১৩ তারিখ জামালপুর যাচ্ছিলাম, আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে। বাধ্য হয়েই একটা পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণেই তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক আমার গলার কাছে।”
তিনি আরও উল্লেখ করেন, “হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত। এরপর আমি খুব সাহসিকতার সঙ্গে চেঁচামেচি করে বেরিয়ে আসি। আমার ড্রাইভার চিৎকার শুনেই এগিয়ে এসে লোকটিকে ধরতে গেলে সে পালিয়ে যায়।” চালকের বরাত দিয়ে তিনি জানান, লোকটি অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনে যাচ্ছিল দেখে ড্রাইভার ভেবেছিলেন হয়তো ময়লা ফেলতে যাচ্ছে, তাই কিছু বলেননি।
ফারিন লেখেন, “ওপরের দিকে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম। পরের দিন সকালে শুটিং ইউনিটের অনেকের সঙ্গেই ঘটনাটি শেয়ার করেছি। এর থেকে বিশ্রী অভিজ্ঞতা আর কিছু হতে পারে না।”
মানসিক ট্রমার কথা উল্লেখ করে এই অভিনেত্রী জানান, প্রথমে ভেবেছিলেন বিষয়টি কাউকে জানাবেন না। কিন্তু মানসিকভাবে তিনি যে পরিমাণ কষ্ট ও চাপা যন্ত্রণা অনুভব করেছেন, তা কেবল তিনিই জানেন।
পোস্টে দেশের সামগ্রিক নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, “আমরা যারা মেয়েরা বাইরে কাজ করি, তারা জানি কত ধরনের এমন পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে ধর্ষণের মতো আচরণ শুধু মেয়েদের দোষ হিসেবে দেখা হয় যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যার ভয়ে এসব বন্ধ হবে।” একই সঙ্গে এই পোস্টের পর নেটিজেনদের একাংশ তাঁর পোশাক বা পেশা নিয়ে কটু মন্তব্য করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় এলেও পরবর্তীতে তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন